বগুড়ার শেরপুরে ত্রাণের মালামাল পৌঁছে দেবার কথা বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিকট থেকে টাকা হাতিয়ে নেবার অভিযোগে শেরপুর থানা পুলিশ সেনাবাহিনীর কর্ণেল পরিচয়দানকারী এক ভুয়া সেনা অফিসারকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বাবুল খান (৫৮) রংপুর জেলার পীরগাছা উপজেলার আরাজি দেবু গ্রামের মৃত আব্দুস সাত্তার খানের ছেলে।
বৃহস্পতিবার ভোরে রংপুর শহরের বুড়িরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক আনোয়ার হোসেন বাবুল খান নামের ওই ব্যক্তি নিজেকে বগুড়ার মাঝিড়া সেনানিবাসের কর্ণেল মহসীন রেজা পরিচয় দেয়। এপর সে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট থেকে ত্রাণের মালবোঝাই ট্রাক আটকে আছে বলে কৌশলে বিকাশে টাকা হাতিয়ে নেয় । এ ব্যাপারে গত ৪ এপ্রিল শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এদিকে ওই জিডির সূত্র ধোরে তদন্তে থলের বেড়াল বেড়িয়ে আসে । পরে তাতে গ্রেপ্তারে অভিযান চালায় শেরপুর থানা পুলিশ।
এ বিষয়ে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) হুমায়ুন কবীর জানান, তার বিরুদ্ধে দন্ডবিধি ১৭০ ও ৪২০ ধারায় মামলা রজু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।