করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে পাবনার চাটমোহর উপজেলা জুড়ে সাঁড়াশি অভিযানে নেমেছে উপজেলা প্রশান,সেনাবাহিনী ও পুলিশ। শহর ও গ্রামের অলি-গলিতে আড্ডার কেন্দ্রগুলোতে চালানো হচ্ছে অভিযান। এছাড়াও শহরের প্রবেশ মুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশ। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজিব শাহরীন ও থানার ওসি সেখ নাসীর উদ্দিন। এসময় মাইকে সাধারণ মানুষকে ঘরে থাকতে আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ চাটমোহর পুরাতন বাজারসহ পৌর শহরে অভিযান চালায়। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানানো হয়। থানার অফিসার ইনচার্জ েেসখ নাসীর উদ্দিন বলেন,গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে মানুষের ঘরে ফেরানো কার্যক্রম জোরদার করা হয়েছে। ওষুধের দোকান,শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট নির্ধারিত সময়ে চালু রাখাসহ অন্য সকল দোকানপাট বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা মানুষকে সচেতন করছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এদিকে,ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিদিনই জরিমানা করা হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম দিন রাত চষে বেড়াচ্ছেন গোটা উপজেলা। চেষ্টা করছেন জনসাধারণকে সচেতন করতে। নিরলসভাবে পরিশ্রম করছেন এই সংকট মোকাবেলায় মানুষকে উদ্বুদ্ধ করতে। জরিমানাও করছেন আইন অমান্যকারীদের। মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা করছেন।
এছাড়া সেনাবাহিনী টহল দিচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য এবং ঘরে থাকার জন্য আহবান জানানো হচ্ছে।