চারদিকে এখন করোনা ভাইরাস নিয়েই চিন্তিত মানুষ। করোনা শনাক্ত এলাকাগুলো করা হচ্ছে লকডাউন। সরকারী ভাবে ঘরে থাকতে সর্বোচ্চ গুরুত্ত দেওয়া হচ্ছে। কর্মহীন মানুষের মাঝে ত্রাণ দেওয়া হচ্ছে। এ সময়ে এনজিও গুলোর কিস্তি আদায় বন্ধে সরকারী নির্দেশনা রয়েছে। ঠিক এ সময়ে গাইবান্ধার সাঘাটায় বন্ধ নেই সুদের কারবার। অতি গোপনীয়তা বজায় রেখে এ কারবার চালিয়ে যাচ্ছে দাদন ব্যবসায়ীরা। এরই মধ্যে সুদের টাকা নিয়ে কথা কাটাকাটিতে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জে সুদখোর বাহিনীর হামলায় ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত সেলিম মিয়াকে সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের মুক্তিযোদ্ধা টুকু মিয়ার ছেলে টুটুল মিয়া স্থানীয় মানিকগঞ্জ বাজারের আব্দুস ছালামের কাছ থেকে ১০ হাজার টাকা দাদন হিসেবে নেয়। গত মাসে সুদসহ দাদনের টাকা পরিশোধ করার পরেও ছালাম ও তার ভাই আব্দুর রাজ্জাক সুদের অতিরিক্ত আরো ২ হাজার টাকা দাবি করে। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে টুটুলকে বেদম মারপিট শুরু করে দাদন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আব্দুস সালাম বাহিনীর লোকজন। এ সময় মানিকগঞ্জ বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া উভয় পক্ষকে থামাতে গেলে তাকেও মারপিট করে গুরুত্বর আহত করা হয়। খবর পেয়ে টুটুলের স্বজনরা তাকে উদ্ধার করতে আসলে তাদেও মারপিট করা হয়। উত্তেজনা বেড়ে গেলে স্থানীয়রা বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে । এসময় দাদন ব্যবসায়ীদের হামলায় আহত হয় গাছাবাড়ী গ্রামের মাসুদ মন্ডলের পুত্র সাহারুল (২৫), তমিজ উদ্দিনের পুত্র আশরাফ (৩৮), আইজলের পুত্র শফিকুল (২৮), ফজলুর পুত্র মোকছেদুল (২৫), বাছের মিয়ার পুত্র রুহুল আমিন (৩৯), ছাইদুরের পুত্র রাসেল (২৩), সেলিম (২৫) সহ আরো ১০ জন। এদের মধ্যে গুরুত্বর আহত সেলিম মিয়াকে সাঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আফজাল হোসেন টুকু বাদী হয়ে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। আফজাল হোসেন টুকু জানান, গাছাবাড়ী গ্রামের সুদখোরদের তান্ডব বেড়ে যাওয়ার এই গ্রামের পরিবেশ নষ্ট হয়েছে। শত শত সাধারন মানুষ এদের খপ্পড়ে পড়েছেন ।
এ বিষয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এনায়েত কবির জানান, স্থানীয়রা বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং ঘটনায় জড়িত দু জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ।