এবার বগুড়ার গাবতলীতে ভূয়া মাষ্টার রোল সৃষ্টির মাধ্যমে হতদরিদ্রদের জন্য দুঃস্থ কর্মসূচির ১০ টাকা কেজির চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা ওয়াজেদ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ওয়াজেদ হোসেন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং খাদ্য অধিদপ্তরের ডিলার।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গাবতলী উপজেলার মহিষাবান এলাকায় । ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহান এই জরিমানা করেন।
জানা গেছে, গত মঙ্গলবার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে খোলা বাজারে ১০ টাকা কেজি দরে বিক্রি করা চাল বিক্রির জন্য তিনি কিছু ভুয়া মাস্টার রোল তৈরি করেন। বিষয়টি ইউপি সদস্য সুলতান মাহমুদ জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে চাল বিক্রি করা বন্ধ করে দেওয়া হয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, ওয়াজেদ হোসেন ১০০ বস্তা চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন না করে সেগুলো বিক্রি দেখিয়ে মাস্টার রোল তৈরি করেছেন। এরপর মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওয়াজেদ হোসনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
গাবতলী উপজেলা নির্বাহী অফিসার রওনক জাহান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ১০ হাজার টাকা জরিমানা ছাড়াও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।