করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটি পৌর শহরে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে রাঙ্গামাটি জেলা বিএনপি।
বুধবার (৮ এপ্রিল) সকালে এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার। এসময় জেলা বিএনপি ও অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবে দলটি।
ত্রাণ বিতরণের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটি জেলা বিএনপি’র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করেছি। আমাদের জেলা বিএনপি’র পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাবো। তিনি বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের পাশপাশি এই দূঃসময়ে মানুষ মানুষের পাশে দাঁড়ানো দরকার। আর এই ধরণের কার্যক্রমে যদি বিত্তবানরা এগিয়ে আসে তাহলে কেউ না খেয়ে থাকবে না। এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক।