বগুড়ার নন্দীগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রি করা ৬ বস্তা (৮ মণ) চাল উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রাম থেকে এ চাল উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম একদল পুলিশ নিয়ে বিজরুল গ্রামের বছির উদ্দিনের বাড়িতে তল্লাসী চালান। সে বাড়ি তল্লাসী করে ১০ টাকা কেজির ৬ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় বছির উদ্দিন পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। তবে চাল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ১০ টাকা কেজির ৬ বস্তা (৮ মণ) চাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত চাল হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হবে।