মরন ব্যাধি করোনা ভাইরাসের কারণে সারা দেশে যখন সাধারন ছুটি চলছে, বন্ধ হয়ে গেছে স্কুল-কলেজ, অফিস, আদালত। ঠিক তখন জীবনের ঝুঁকি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত খবর সংগ্রহ করছে বগুড়ার আদমদীঘি উপজেলার কিছু সাহসী সাংবাদিকরা। দেশের প্রায় সব প্রথম শ্রেনীর খবরের কাগজে কাজ করেন এই উপজেলার কলম সৈনিকরা।
জানা গেছে, আদমদীঘি উপজেলায় প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক দেশের বিভিন্ন দৈনিক খবরের কাগজে কাজ করলেও তাদের দেখা মিলছে না কোথায়ও। হাতে গোনা কয়েকজনের দেখা পাওয়া যাচ্ছে। দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করায় এবং পরিবহন ব্যবস্থা অধিকাংশ এলাকায় বন্ধ থাকায় অনেক দৈনিক পেপার বন্ধ অথবা সীমিত আকারে বের হচ্ছে। আবার অনেক খবরের কাগজ এলাকায় না আসলেও অন লাইনে খবর দিতে হচ্ছে সাংবাদিকদের। ফলে কোন ছুটি নেই তেমন কোন সুবিধা ছাড়াই কাজ করা এই সাংবাদিকদের।
আদমদীঘিতে জাতীয় দৈনিক প্রথম আলো, জনকণ্ঠ, সমকাল, ভোরের পাতা, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, ভোরের দর্পণ, দেশের কন্ঠ, আমার সংবাদ খবরের কাগজের প্রতিনিধি আছে। করোনা ভাইরাসের কারণে শহরের প্রায় সব শ্রেনীর মানুষ নিরাপদ আশ্রয়ে যখন ঘরে প্রবেশ করেন, ঠিক তখন খবর সংগ্রহে ব্যস্ত থাকছে উপজেলার কিছু সাহসী সাংবাদিক। অনেক সময় প্রশাসনের সদস্যদের সাথে বিভিন্ন কাজে এক হয়ে কাজ করছে নির্ভিক এই সাংবাদিককরা। দৈনিক প্রথম আলো পত্রিকার আদমদীঘি প্রতিনিধি খায়রুল ইসলাম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি হারেজুজ্জামান হারেজ বলেন, আমাদেরও পরিবার, স্বজন আছে। কিন্তুু দেশের এই সংকটময় সময়ে আমরা একটা দায়িত্ববোধ থেকে প্রচন্ড ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করছি। বর্তমান সংকটময় সময়ে আমাদের দায়িত্ব আরোও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে অনলাইন দিকটা আমাদের বেশি দেখতে গিয়ে দিন রাত কাজ করতে হচ্ছে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু বলেন, এই চরম সংকটের সময় আমাদের উপজেলার সাংবাদিক ভাইয়েরা ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আদমদীঘি উপজেলাবাসি কৃতজ্ঞ।