এবার বগুড়ার সারিয়াকান্দিতে খোলাবাজারে ১০ টাকা কেজি দরে বিক্রির ২২১ বস্তা চাল সহ গ্রেপ্তার হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিউল হক গাজী।
সরকারী চাল নিজ হেফাজতে রাখার অভিযোগে দোষী সাবস্ত করে তাকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ রাসেল মিয়া এবং ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তাকে এই সাজা প্রদান করেন।
গাজিউল হক গাজী (৫৮) উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং এলাকার বয়ড়াকান্দি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে।।
স্থানীয়সুত্রে জানা গেছে, গাজিউল হক গাজী খাদ্য অধিদপ্তরের অধীনে খোলা বিক্রির একজন স্থানীয় ডিলার। বর্তমান সরকারী ঘোষিত ১০টাকা কেজি দরের চাল বিক্রি কর্মসূচির শুরুতেই তিনি প্রায় ৫শ কার্ডধারী হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য চাল বিতরন না করে নগদ টাকা দিচ্ছিলেন।
সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া সেখানে অভিযান চালায়। এ সময় তার হেফাজত থেকে ২১২ বস্তা চাল উদ্ধার করেন তিনি। এ ঘটনায় পুলিশ তৎক্ষনাৎ ভাবে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক।এদিকে শেষ খবর পর্যন্ত আরো ২৮৮বস্তা চাল উদ্ধারে তৎপরতা চলছিল বলে জানা গেছে।
এ বিষয়ে রাতে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান আলী রনি জানান, ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। পরে শুনেছি যে তাকে চাল বিক্রির অপরাধে জেল দেয়া হয়েছে।
সারিয়াকান্দির চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুরুল হুদা জানান, ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর তাকে রাতেই বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল মিয়া জানান, চাল কালোবাজারে বিক্রির অভিযোগে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে ২৮৮ বস্তা সরকারি চাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।