বগুড়ার শাজাহানপুর উপজেলার অন্তর্গত বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ডের চককানপাড়া গ্রামের ৪টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাল পতাকা টেনে লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, নির্বাহী অফিসার মাহমুদা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, থানার ওসি আজিম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম জানান, চককানপাড়ার ষাটোর্ধ এক বৃদ্ধ নারী অসুস্থ্য হয়ে তিনদিন আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এনিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে প্রশাসনকে খবর দেয়া হলে প্রশাসন এসে ওই নারীর বাড়িসহ আশপাশের ৪টি বাড়ি লকডাউন ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, ওই বৃদ্ধ নারী স্বাসকষ্ট রোগে শজিমেক হাসপাতালে ভর্তি ছিলেন। বিষয়টি সাসপেকটেড হওয়ায় সন্দেহভাজনদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। পরিক্ষায় করোনা সনাক্ত না হলে লকডাউন তুলে নেয়া হবে।