করোনাভাইরাসের আতঙ্ক কাটিয়ে অব্যাহত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসকদেরকে পিপিই ও গগলস প্রদান করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা। রোববার (০৫ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. নওশাদ আলীর কাছে ৩৫ পিস পিপিই এবং সমপরিমাণ গগলস হস্তান্তর করেন তিনি। করোনাভাইরাসের ছোবল থেকে রক্ষা বা সুরক্ষিতভাবে অব্যাহত চিকিৎসা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একাধিকবার ব্যবহারযোগ্য পিপিই ও গগলসগুলো টিম ফার্মাসিউটিক্যালস থেকে সংগ্রহের পর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পাদক ও এমপি ফজলে হোসেন বাদশা এসব উপকরণ হস্তান্তর করেন।
এ সময় পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, বঙ্গবন্ধু মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী শাখার সভাপতি ডা. এবি সিদ্দিকী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, রামেকের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. খলিলুর রহমানসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সাংসদ বাদশা বলেন, চিকিৎসকরা সরকারি দায়িত্ব পালনের পর বিকালে প্রাইভেট প্র্যাকটিস করে থাকেন। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা না থাকার কারণে অনেক চিকিৎসকই চেম্বার বন্ধ রেখেছেন। এতে করে রোগীরাও রয়েছেন ভোগান্তিতে। আর এই সংকট কাটাতে তিনি পিপিই প্রদান করলেন। ফলে করোনাভাইরাস আতঙ্কে নগরীতে বন্ধ থাকা বেসরকারি হাসপাতাল-ক্লিনিকেও এখন থেকে চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করতে পারবেন। তাই বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএমএ’র জেলা সভাপতি ডা. এবি সিদ্দিকী বলেন, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের লক্ষণ জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট। কিন্তু এর বাইরেও অনেক রোগী আছে। কেউ হার্টের, কেউ দুর্ঘটনার, কেউ শারীরিক অন্যান্য সমস্যার রোগী। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের চিকিৎসাও কঠিন হয়ে পড়ছিল। এ অবস্থায় এসব চিকিৎসাসামগ্রী তাদের কাজে দেবে। চিকিৎসকরা চেম্বারে বসতে পারবেন।
রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, চিকিৎসকরা চেম্বারে না বসার কারণে এখন অনেকেই কটাক্ষ করছেন। কিন্তু সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা চিকিৎসকদের সমস্যার কথা বিবেচনা করে পিপিই দিলেন। এ সময় সাংসদ বাদশার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গণপরিবহন বন্ধ থাকায় বিভাগের অন্যান্য জেলা থেকে রাজশাহীতে রোগী আসছেন না। তাই চিকিৎসা সেবাই এসব পিপিইগুলোর পুরোপুরি সুবিধা ভোগ করবেন রাজশাহীর রোগীরা।
পিপিই দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাচিপ নেতা তবিবুর রহমান শেখ বলেন, এসব পিপিই গুলো পানিতে ধুয়ে বার বার ব্যবহার করা যাবে। ফলে চিকিৎসকরাও নিরাপদে এখন থেকে চিকিৎসা কার্যক্রম চালাতে পারবেন।