বগুড়ায় লুনা(৬)নামের এক শিশুকে গলাটিপে হত্যা করা হয়েছে। পুলিশ শনিবার রাতে শহরের খান্দার মালগ্রাম চারতলা মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পাশবিক নির্যাতনের পর শিশুটিকে হত্যাকরা হয়ে থাকতে পারে।
নিহত লুনা এলাকার ফযলার রহমানের মেয়ে এবং স্থানীয় ঠনঠনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত লুনা সন্ধ্যার আগে পাশের বাড়ীতে টিভি দেখার কথা বলে বাড়ী থেকে বের হয়। এরপর তাকে আর পাওয়া যাচ্ছিল না। পরে রাত ৯টার পর বাড়ীর সন্নিকটে পেছনের একটি গলিপাশে নির্জন স্থানে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।
পুলিশে খবর দেয়া হলে স্থানীয় ষ্টেডিয়াম ফাঁড়ী পুলিশের এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে সুরতহাল শেষে লাশ মর্গে প্রেরন করে। শেষ খবর পর্যন্ত শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
এ বিষয়ে এসআই জাহাঙ্গীরের সাথে কথা বলা হলে তিনি ঘটনা নিশ্চিত করে জানান, শিশুটির গলা এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি এ সময় শিশুটির সাথে পাশবিক কোন ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে কিছু না বলে জানান, ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।