বগুড়ার নন্দীগ্রামে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে পুলিশ ও উপজেলা প্রশাসন। এদিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাত হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, জরুরি প্রয়োজন ছাড়া ঘরে থেকে বের না হতে এবং নির্দিষ্ট দোকানপাট সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার বার বার নির্দেশনা দেওয়া হচ্ছে পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আর এ কারণে আরও কঠোর অবস্থানে প্রশাসন। তারা মানুষকে যেকোনো মূল্যে ঘরে রাখার কর্মসূচি নিয়ে কাজ করছে।
একই সঙ্গে শুক্রবার সকালে পৌর শহরে সাপ্তাহিক ওমরপুরহাট ও উপজেলার রনবাঘা হাট নিষেধাজ্ঞা অমান্য করে বসানো হয়। এতে করে গাদাগাদি করে কাঁচা বাজারসহ নিত্যদ্রব্য সামগ্রী কিনতে শত শত মানুষ হুমড়ি খেয়ে পড়ে। বেড়ে যায় জনসমাগম। পরে সকাল ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. শারমিন আখতার এ হাট দুটিই ভেঙে দেন। কয়েকদিন আগে করোনা ভাইরাস সংক্রমণ রোধে উপজেলার ২৩ টি ও পৌরসভার ৩ টি সাপ্তাহিক হাট গণবিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করে প্রশাসন।
এ দিকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাবেশ ঠেকাতে প্রশাসনের ঘোষিত আইন অমান্য করে উপজেলার রনবাঘা ও ওমরপুর হাট-বাজারে দোকান খোলা রাখায় ৭ ব্যবসাপ্রতিষ্ঠানে ৭ হাজার ৭০০ টাকা ও চায়ের দোকানে আড্ডা দেয়ায় একজনের ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার বলেন, নিষেধাজ্ঞা পরও সাপ্তাহিক হাট বসার কারণে হাটটি ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া আইন অমান্য করে দোকান খোলা রাখায় ও চায়ের দোকানে আড্ডা দেয়ায় জরিমানা করা হয়েছে।