বগুড়ার ধুনট সহ জেলার বিভিন্ন স্থানে বালু ও মাটি দস্যুদের দৌরত্ব বহুগুলে বৃদ্ধি পেয়েছে। বিরাজমান করোনা ভাইরাস আতংকে সারা পৃথিবীর মত দেশের মানুষ যখন জুবুথুবু, টিক তখনি প্রশাসনের নিরব ভূমিকার সূযোগে এক শ্রেণীর বালু ও মাটি দস্যু তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। ।
অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা বিষটি জানার পরও নিরব ভূমিকা পালন করছেন। জেলার সারিয়াকান্দিতে ভারী মেশিন বসিয়ে যমুনা নদীর তীর রক্ষাবাঁধের নিকট থেকে অবাধে বালি উত্তোলন করা হচ্ছে । ফলে শত শত কোটি টাকা ব্যায়ে নির্র্মিত নদী তীর রক্ষা বাঁধ সহ স্থানীয় হার্ড পয়েন্টগুলি হুমকির মুখে পড়তে যাচ্ছে ।
জেলারশাহাজাহনপুরে দিন রাত ভূমি থেকে অবাধে মাটি কাটা হচ্ছে । অভিযোগ রয়েছে প্রশাসনের কতিপয় দায়িত্বশীলদের সাথে যোগসাজস করে এলাকার একটি প্রভাবশালী মহল প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাটি কেটে স্থানীয় ইটভাটা গুলিতে প্রকাশ্য বিক্রি করছে।
ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি গ্রামের বাঙ্গালী নদীর আড়িয়া মারা খালে ড্রেজার মেশিন বসিয়ে গভীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে খালের তীরবর্তী কৃষি জমিতে ভাঙ্গন দেখা দিয়েছে। এবিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি মঙ্গলবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়সূত্রে জানাগেছে, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া বাঙ্গালী নদীর শাখা আড়িয়া খালে বথুয়াবাড়ি গ্রামের মৃত তারু মিয়ার ছেলে মতি মিয়া ড্রেজার মেশিন বসিয়ে গত ৩/৪ ধরে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। খালের গভীর তলদেশে ড্রেজার মেশিন দিয়ে বোরিং করে বালু উত্তোলনের কারনে খালের তীরবর্তী কয়েক বিঘা জমিতে ভাঙ্গন দেখা দিয়েছে।
তারাকান্দি গ্রামের কৃষক হাবিবুর রহমান জানান, বথুয়াবাড়ি গ্রামের মতি মিয়া গত কয়েকদিন ধরে বাঙ্গালী নদীর শাখা আড়িয়ামারা খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। শুষ্ক মৌসুমে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ইতিমধ্যেই খালের দুই পাড়ে কয়েক বিঘা কৃষি জমিতে ভাঙ্গন দেখা দিয়েছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে শতাধিক বিঘা কৃষি জমি ভাঙ্গনের কবলে পড়ার আশংকা রয়েছে। তাই এবিষয়ে তারাকান্দি, নবীনগর ও শৈলমারী এলাকাবাসীর পক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে বালু ব্যবসায়ী মতি মিয়া বলেন, একটি বাড়ির ভরাটের জন্য বালু উত্তোলন করা হচ্ছে। তবে এতে কৃষি জমির কোন ক্ষতি হচ্ছে না বলে তিনি দাবি করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, খালে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিষয়ে অভিযোগ পেয়েছি। সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।