দিনাজপুরের পার্বতীপুরে করোনাভাইরাসের কারণে দোকান-পাট, অফিস-আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় পত্রিকা বিক্রি বন্ধ হয়ে যায়। এ ব্যবসার সাথে জড়িত পত্রিকা বিক্রেতা ১০ জন কর্মহীন হয়ে পড়ে। সংসার চালানো কষ্টকর হয়ে যায়। এ সময় এগিয়ে এলেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। তাদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু ও সাবান।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া পার্বতীপুরের ১০ পত্রিকা বিক্রেতাকে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা প্রকৌশলী মোঃ শামীম আক্তার ও উপজেলা আনছার-ভিডিপি ব্যবস্থাপক আবদুস সালাম। পার্বতীপুর উপজেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবের সভাপতি-সম্পাদকগণ কর্তৃক গোটা উপজেলায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে বিতরনের জন্য ১ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী উপজেলা সমাজসেবা অফিসে জমা দেন। ৫শ’ ব্যাগ উপজেলা “ফুড ব্যাংকে” ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট জমা দেন এবং নিজ দপ্তরে উপজেলার ৫শ’ কর্মহীন মানুষদের মাঝে বিতরন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রগতি সংঘের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু ও পল্লী গ্রাম উন্নয়ন কেন্দ্র’র নিবার্হী পরিচালক মোস্তাকিম সরকার।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় বলেন, আমি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবের সভাপতি-সম্পাদকগণ মতবিনিময় করে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি।