মাদক উদ্ধার করতে গিয়ে দিনাজপুরের বিরামপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফেরদৌস ফাহিম নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবী, সে একজন মাদক ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পুলিশের দুই এসআই ও এক কনষ্টেবল আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৩টি গুলির খোসা, ১টি হাসুয়া, ২টি ছোঁড়া, ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানান বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির।
নিহত ফেরদৌস ফাহিম(৩৩) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউপির আওলাকুড়ি গ্রামের জহুরুল হকের ছেলে।
গত সোমবার দিবাগত ভোর রাতে বিরামপুর উপজেলার মিরপুর মাঠের পাশে একটি আমবাগানে এই ঘটনা ঘটে।
বিরামপুর থানার ওসি মো.মনিরুজ্জামান মনির এর সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকা থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুরের মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেয় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছোড়ে। অত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীদের গুলিতে ফেরদৌস ফাহিম নামে একজন নিহত হয়। এ সময় পুলিশের এএসআই শাহাজাহান, এএসআই নিরঞ্জন এবং কনষ্টেবল দেলোয়ার হোসেন গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।