কথিত ‘বন্দুকযুদ্ধে’ দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত এক যুবক নিহত ও পাবনার সাঁথিয়ায় সরোয়ার ব্যাপারী ওরফে সরো নামের একজন নিহত হয়েছে।
পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত সরোয়ার ব্যাপারী ওরফে সরো আন্তজেলা ডাকাতদলের সর্দার ও হত্যা মামলার আসামি ছিলেন বলে দাবি পুলিশের।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, সাঁথিয়া উপজেলার শামুকজানি বাজারে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে গেল রাত ২টার দিকে পাবনা ডিবি ও সাঁথিয়া থানা পুলিশ সেখানে যৌথ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিছু সময় গুলিবর্ষণ চলার একপর্যায়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সরোয়ার ওরফে সরোকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের দুজন সদস্য আহত হয়েছে। নিহত সরোয়ার উপজেলার পুন্ডুরিয়া গ্রামের হারুন অর রশিদ ওরফে হারু ব্যাপারীর ছেলে।
এছাড়া, দিনাজপুরের বিরামপুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পরিচয় নিশ্চিত করতে না পারলেও পুলিশের দাবি ওই যুবক মাদক বিক্রির সঙ্গে যুক্ত। এ ঘটনায় পুলিশের দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পাইপগান, ৩ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, ১টি হাঁসুয়া, ২টি ছোরা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেন পুলিশ। এ সময় মাদকবিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পয়ে অর্তকিত গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও ফাঁকা গুলি ছোড়ে।
পরে মাদক বিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থলে অজ্ঞাত একজনের লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। মাদক বিক্রেতাদের গুলিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলেও জানান ওসি।
এ ঘটনায় মাদকব্যবসায়ীদের গুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজাহান ও নিরঞ্জন এবং কনস্টেবল দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।