বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামের এক রাজ মিস্ত্রি ঢাকা থেকে সোমবার সকালে বাড়ীতে ফিরলে তার স্ত্রী প্রতিবেশীদের জানায় করোনা ভ্ইারাসে আক্রান্ত হয়ে বাড়িতে ফিরেছে তার স্বামী এমন খবরে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগে তোলপাড় শুরু হয়। দ্রুত সেখানে ছুটে যায় উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ এবং স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ানের নেতৃত্বে একটি মেডিকেল টিম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার আদমদীঘি সদর ইউনিয়নের কেশরতা গ্রামের মৃত মোজাম্মেল প্রামানিকের ছেলে কাবিল প্রমানিক (৩২) সোমবার সকাল ৬ টায় ঢাকা থেকে বাড়ীতে আসে। এরপর তার স্ত্রী জেসমিন আক্তার প্রতিবেশীদের জানান, তার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসার পর থেকে জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে এমন সংবাদ উপজেলা স্বাস্থ্য বিভাগে আসে। সংবাদটি জানার পর সোমবার সকাল সাড়ে ১০টায় একটি মেডিকেল টিম নিয়ে ওই গ্রামে গিয়ে অসুস্থ ব্যাক্তির সাথে সাক্ষাত করা হয়।
অসুস্থ রাজ মিস্ত্রি কাবিল প্রামানিক জানায়, তিনি ঢাকায় রাজ মিস্ত্রির কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় তাঁর শরীরে হালকা জ্বর ও সর্দি কাশি হয়। সে কারণে বাড়ীতে চলে আসি। ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান, বর্তমানে ওই ব্যক্তি সুস্থ থাকলেও তাকে সহ পরিবারের সকল সদস্য কে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে এবং গ্রামের লোকজনকে ওই বাড়ির আশপাশে গেলে মাক্স ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। তিনি জানান, ওই পরিবারের সদস্যদের ১৪ দিন খাবারের ব্যবস্থা করার জন্য সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য আবদুল বারীকে অনুরোধ করা হয়েছে।