করোনা ভাইরাসের প্রভাবে আমতলী উপজেলায় অন্তত ত্রিশ হাজার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরেছে। এতে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। দ্রুত সরকারীভাবে সাহায্যের দাবী জানিয়েছেন তারা।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পরায় সরকার ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষনা করে মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। এতে উপজেলার প্রায় ত্রিশ হাজার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরেছে। কর্মহীন হয়ে পরায় পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১১ ঘটিকা আমতলী পৌর শহরের বাঁধঘাট চৌরাস্তায় শ্রমজীবি মানুষগুলো কাজের অপেক্ষায় বসে থাকে কিন্তু তারা কোন কাজ খুজে পাচ্ছে না। গত পাঁচ দিনে কাজ না পেয়ে শ্রমজীবি মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে। দ্রুত এ সকল শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়ার দাবী জানিয়েছেন তারা। এদিকে করোনা ভাইরাসের আপাদকালীন সময় সরকার হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছে তা অপ্রতুল। সকল শ্রমজীবি মানুষকে খাদ্য সহায়তার আওতায় আনার দাবী জানিয়েছেন আমতলী নাগরিক কমিটির সভাপতি এ্যাড এমএ কাদের মিয়া।
সোমবার সকালে আমতলী পৌর শহরের চৌরাস্তা ঘুরে দেখা গেছে, অর্ধ শতাধিক শ্রমজীবি মানুষ কাজের সরঞ্জামাধি নিয়ে বসে আছেন। কিন্তু কোন লোক তাদের কাজে নিচ্ছেন না। সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত অপেক্ষা করেও কোন কাজ পায়নি। নিরুপায় হয়ে তারা বাড়ী চলে গেছেন।
শ্রমজীবি বেল্লাল হোসেন বলেন, গত পাঁচ দিন ধইয়্যা কোন কাম পাই নাই। পোলাপান লইয়্যা খুব কষ্টে হরি। ঘরে য্যা ছিল হ্যা খাওয়া শ্যাষ।এ্যাহন গুড়াগাড়া লইয়্যা কি খামু হেইয়্যা কইতে পারি না।
চাওড়া কাউনিয়া গ্রামের শ্রমজীবি আল-আমিন ও আলমগীর বলেন, কোন কাজ নেই। তিন ধন্টা অপেক্ষা করে কোন কাজ পাইনি। পরে বাড়ী ফিরে এসেছি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, সকল মানুষের খাদ্য সহায়তার আওতায় আনা হবে। কোন মানুষ খাদ্যহীন থাকবে না।
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে
আমতলী পৌরসভার উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন।
এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে এক হাজার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সোমবার পৌরসভা প্রাঙ্গণে সামাজিক সুরক্ষা বজায় রেখে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরনের উদ্বোধন করেন ইউএনও মনিরা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরুন কুমার ভক্ত, পৌর সচিব মোঃ আবুল কালাম আজাদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নাশির উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ,আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ নুহু-উল আলম নবিন প্রমুখ। এক হাজার পরিবারের প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, ডাল দুই কেজি,আলু দুই কেজি ও পিয়াজ ১ কেজি, তেল ১ কেজি ও একটি করে সাবান দেয়া হয়।