করোনা ভাইরাস রোধে সচেতনতা ও লকডাউন বিধি নিশ্চিত করতে বগুড়া জেলা প্রশাসক সকল হাট বন্ধের জন্য গণবিজ্ঞপ্তি দিলেও সেই বিজ্ঞপ্তির উপেক্ষা করে অবাধে চলছে শেরপুরের বিভিন্ন হাট। বাড়ছে গণসমাবেশ আশঙ্কা রয়েছে করোনা বিস্তারের।
শেরপুর পৌর শহরের বারোদুয়ারী হাট ঘুরে দেখা গেছে, আগের মতোই বসেছে হাট-বাজার। বেচাকেনা হচ্ছে সব পণ্যের। সরকারি বিধি অমান্য করে শরীরের সাথে শরীর লাগিয়ে মুখে মাস্ক না পড়ে কেনাকাটা করছে সকল মানুষ। এই হাটগুলোতে কাঁচা মালের পাশাপাশি বিক্রি হচ্ছে তামাকজাতীয় দ্রব্য পান, বিভিন্ন ধরনের জর্দা ও শুপারি। এমনকি চায়ের স্টলও রয়েছে বিদ্যমান। অনেকেই আবার কেনাকাটা শেষে বাড়ি না গিয়ে হাটেই আড্ডা দিচ্ছেন আগের মতই। এ কারণে জনসমাগম বেড়েই চলেছে। সচেতন মহলের অনেকেই হাট গুলোর এই অবস্থা দেখে প্রশাসনকে খবর দিলে ভ্রাম্যমান আদালত হাটের মধ্যে গেলেই সবাই দৌড়ে এদিক-সেদিক পালিয়ে যায়। কিন্তু প্রশাসনের লোক হাট থেকে চলে আসলেই সেই আগের অবস্থা।
জনসমাগম এড়াতে বগুড়া জেলা প্রশাসক জেলার সকল হাট বন্ধে গণবিজ্ঞপ্তি দিলেও তা উপেক্ষা করে নির্দ্বিধায় চলছে শেরপুরে এই হাটগুলো। এদের মধ্যে শেরপুর বারদুয়ারী হাটে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে খাজনা নিতেও দেখা গেছে। এসব হাটগুলোয় জনসমাগম এড়াতে ভ্রাম্যমান আদালতের সার্বক্ষনিক নজরদারি কামনা করেছেন এলাকার সচেতন নাগরিক।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, জেলা প্রশাসকের হাট বন্ধের গণবিজ্ঞপ্তি না মানা সত্যিই দুঃখজনক। আমরা হাটের ইজারাদার কে হাট বন্ধ করার জন্য প্রথম বারের মত নির্দেশ দিয়েছি। এর পরেও যদি এরকম কাজ করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।