রোববার বিকেলে ভ্রাম্যমান আদালত দিনাজপুরের পার্র্বতীপুরে ছেলেকে হোম কোয়ারেন্টাইনে না রাখার অপরাধে পিতা আবদুল ওয়াহেদ কে ১০ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী।
রোববার বিকেলে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া (ঝাড়-য়াডাঙ্গা) গ্রামে এ অভিযান চালানো হয়। গত ১৩ মার্চ সেলিম রেজা দুবাই থেকে দেশে ফিরে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাঘুরি করছিল। অনেকবার তার বাড়ীতে হানা দিয়েও পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তাকে খুঁজে পাচ্ছিল না। তার বাবাকে বারংবার বলেও তিনি বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় তাকে এ জরিমানা করা হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী জানান- সরকারী তালিকা মতে ৭৮ জন প্রবাসী পার্বতীপুরে এসেছে। খোঁজ পেয়ে এ পর্যন্ত ২৮ জনকে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকিদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।