করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভক্তদের প্রতি ঘরে থাকার আহ্বান জানালেন বীরেন্দর শেবাগ। একই সঙ্গে রবিবারের জনতা কারফিউতে সবাইকে একাত্ম থাকার অনুরোধ করেছেন ভারতের সাবেক ওপেনার। শেবাগের টুইট, ‘ভারতের সবাইকে বলছি ঘরে আরামে থাকেন, এই করোনাভাইরাস এখান থেকে দৌড়ে পালাবে। দয়া করে ঘরে থাকেন। আমরা এই সংকট দ্রুত কাটিয়ে উঠবো।’ এই বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন। এদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। পাশের বাসাতেও না। শুধু জরুরি সেবার কাজে নিয়োজিত ব্যক্তিরা বাইরে যেতে পারবেন। এই কারফিউকে সমর্থন দিয়ে শেবাগ বলেছেন, এটি সবার মঙ্গলের জন্য, ‘এই জনতা কারফিউ কিন্তু অন্য কারফিউর মতো না। এটা আপনার ভালোর জন্য। আমাদের সবাইকে একজোট থাকতে হবে। সবারই ইচ্ছে থাকে ঘরের মানুষদের সঙ্গে সময় কাটানোর। এখনই তো সেই সময়। ঘরে ক্যারম, লুডু খেলে পুরোনো স্মৃতিগুলো রোমন্থন করেন।’ শেবাগের আগে বিরাট কোহলি, যুবরাজ সিং, রবি শাস্ত্রী ও মোহাম্মদ কাইফও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেছেন। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জন, মৃত্যু হয়েছে ৪ জনের।