পাবনার চাটমোহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ও মুজিববর্ষ উপলক্ষে সমাজ সেবা অধিদফতরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলার বিচলন ইউনিয়নের বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী মিলিয়ে ২০২ জনকে কার্ড প্রদান করা হয়। এ ছাড়া উপজেলা ৯৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপবৃত্তির চেক তুলে দেয়া হয়। ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কার্ড ও চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুল হামিদ মাস্টার,সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম,থানার ওসি সেখ নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে চার সন্তানের জননী শতবর্ষী রাবিয়া বেগম (১০৩) বয়স্ক ভাতার কার্ড পেয়েছেন। তার স্বামী মারা গেছে কতদিন আগে মনে নেই। দুই ছেলে ও দুই মেয়েও এখন বয়সের ভারে ন্যুব্জ। উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেন গ্রামের মৃত চাঁদ আলী ব্যাপারির স্ত্রী রাবিয়া বেগম অনেক কষ্টে জীবনযাপন করলেও ভাগ্যে জুটেছিল না কোনো ভাতার কার্ড। সম্প্রতি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত ভাতাভোগী বাছাই প্রক্রিয়ায় তিনি তালিকাভুক্ত হন। অবশেষে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেয় উপজেলা সমাজ সেবা অফিস। অনুষ্ঠানে ছোট ছেলের স্ত্রী হাসিনা বেগমকে সঙ্গে নিয়ে ভাতার কার্ড নিতে এসেছিলেন রাবিয়া বেগম। জীবন সায়াহ্নে এসে ভাতার কার্ড পেয়ে বেজায় খুশি তিনি। রাবিয়া বেগম বলেন, ‘মেম্বার-চেয়ারম্যানের কাছে একটা কার্ডের জন্য অনেক ঘুরেছি, কিন্তু পাইনি। শেষ বয়সে এসে ভাতা পাব ভাবতেই পারিনি। অনেক ভালো লাগছে। অন্তত ওষুধ ও পান কেনার জন্য কারও কাছে হাত পাততে হবে না।’