করোনাভাইরাসের কারণে এবার পিছিয়ে গেল ফরাসি ওপেন। নতুন সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে হবে টেনিসের মেজর এই টুর্নামেন্ট। আগের সূচি অনুযায়ী প্যারিসের রোলাঁ গাঁরোয় এই গ্র্যান্ড স্ল্যাম হওয়ার কথা ছিল আগামী ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত। নতুন সূচিতে এটি শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এর মানে ইউএস ওপেন শেষ হওয়ার সাত দিন পর শুরু হবে ফরাসি ওপেন। সাধারণত অস্ট্রেলিয়ান ওপেনের পর বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা ফরাসি ওপেন এবং ক্লে কোর্ট মৌসুমের শেষ প্রতিযোগিতা এটি। এখন এটি রূপ নিয়েছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনে অচলাবস্থার সৃষ্টির হয়েছে। ইতোমধ্যে সব ধরনের পেশাদারী টেনিস পিছিয়ে দেওয়া হয়েছে অন্তত ২০ এপ্রিল পর্যন্ত। সবশেষ খবর অনুযায়ী, এই রোগে বিশ্বজুড়ে মারা গেছে প্রায় সাত হাজার ৮০০ মানুষ, আক্রান্ত হয়েছে এক লাখ ৯৬ হাজারেরও বেশি।