ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেছেন রোনালদিনহো ও তার ভাই আসিস। ফলে দুজনেই এখন প্যারাগুয়ের জেলে বন্দী। তাদের ঘটনা তদন্তের পর নতুন মোড় নিয়েছে। তাদের ধারণা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত রোনালদিনহোকে আমন্ত্রণ জানানো এক ব্যবসায়ী নারী! তদন্তের স্বার্থে সাবেক বার্সেলোনা ও এসি মিলান তারকা রোনালদিনহোর মোবাইলের ম্যাসেজ ও সংশ্লিষ্ট কাগজপত্র পুনঃনিরীক্ষণ করবেন তদন্তকারীরা। রাষ্ট্রপক্ষের কৌসুলি ওসমার লিগাল রয়টার্সকে বলেছেন, তিনি রোনালদিনহো ও সেই ব্যবসায়ী নারী দালিয়া লোপেজের মধ্যকার যোগসূত্রটি তদন্ত করছেন। লিগাল জানিয়েছেন, ‘সেই নারী মান্ডি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তার মানে এই অপরাধের সঙ্গে যুক্ত সবাইকেই তদন্তের আওতায় আনতে হবে। এমনকি রোনালদিনহোকেও। এ কারণেই তাকে জেলে রাখছি আমরা।’ রোনালদিনহো ও তার ভাইকে নিয়ে তদন্তকারীদের অনুমান সম্পর্কে লিগাল বলেছেন, ‘আমাদের অনুমানটা হলো ওরা ভুল কাগজপত্র দিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করেছে। তারা হয়তো শেষ পর্যন্ত এই কাগজ ব্যবসায়ীক কাজেই ব্যবহার করতো, যেটা বৈধ নয়।’