করোনার প্রাদুর্ভাবে স্থবির পুরো বিশ্ব। যার নেতিবাচক প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ক্রীড়া তারকারা প্রায় সবাই স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সরব হচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। বাংলাদেশের মহাতারকা সাকিব আল হাসানও সরব হয়েছেন ফেসবুকে। নিষেধাজ্ঞার কবলে থাকলেও সাকিব নিজের দায়িত্বটুকু ভোলেননি।
ক্রীড়া ব্যক্তিত্ব হওয়ার সুবাদে সবাইকে সচতেন হতে বলেছেন অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে। সচেতনতা বাড়াতে বলেছেন সবাইকেই, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে আমাদের অবশ্যই প্রয়োজনীয় সুরক্ষা নিতে হবে। দৈনন্দিন স্বাস্থ্যসম্মত অভ্যাসের দ্বারা নিজের যত্ন নিন এবং আমাদের চারপাশে সবাইকে সচেতন করে তুলুন। নিরাপদ ও ইতিবাচক থাকার চেষ্টা করুন।’ চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১৬ মার্চ সকাল পর্যন্ত ভাইরাসে ছয় হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৯ হাজার ৬০৫।