কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে সাজানো ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতনের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি এবং কুৃড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহারসহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে দিনাজপুরের সাংবাদিক সমাজ।
গতকাল রোববার বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিক নির্যাতনকারী কুড়িগ্রাম জেলা প্রশাসককে প্রত্যাহার করে তার ক্ষমতার অপব্যবহারসহ সকল অপকর্মের বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর সভাপতি জিন্নাত হোসেন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, টিভি ক্যামেরা জার্নাালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মনজিদ আলম শিমুল, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।