করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার কারণে আগামী ১২ এপ্রিল পর্যন্ত সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ)। এক বিবৃতিতে ব্যাডমিন্টনের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে রোববার বার্মিংহামে সমাপ্ত হতে যাচ্ছে ইওনেক্স অল ইংল্যান্ড ওপেন। এই টুর্নামেন্ট শেষ হবার সাথে সাথেই সব ধরনের আয়োজন কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবার কথা ছিল সুইস ওপেন, ইন্ডিয়া ওপেন, ওরলিন্স মাস্টার্স, মালয়েশিয়া ওপেন ও সিঙ্গাপুর ওপেন। বিডব্লিউএফ আশঙ্কা করছে করোনাভাইরাস আতঙ্কে অলিম্পিক বাছাইপর্বের ম্যাচগুলোও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাছাইপর্ব শেষ করার কথা রয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত প্রথম দুই ফরাসি ফুটবলার
এফএনএস স্পোর্টস: ফরাসি ফুটবলার হিসেবে প্রথম দুইজনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। শুক্রবার করোনভাইরাস সনাক্ত হওয়া ঐ দুই ফুটবলারই দ্বিতীয় বিভাগের ক্লাব ট্রয়েসের বলে ক্লাব সূত্র টুইটারে ঘোষণা দিয়েছে। টুইটার বার্তায় ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সিনিয়র দলের একজন ও একাডেমি দলের একজন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। সাথে সাথে তাদেরকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। ইতোমধ্যেই পুরো ক্লাবকে মেডিকেল পর্যবেক্ষনে রাখা হয়েছে।’ ফরাসি লিগ ওয়ান ও দ্বিতীয় টায়ারের সব ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষনা আসার কয়েক ঘন্টার মধ্যে ফরাসি ঐ দুই ফুটবলারের আক্রান্তের খবর আসলো।
ফিফা সব আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বন্ধ করে দেবার পক্ষে মত দিয়েছে
এফএনএস স্পোর্টস: করোনাভাইরাসের কারণে মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত সব ধরনের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বন্ধ করে দেবার বিষয়ে সুপারিশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। কিছু কিছু ম্যাচ বন্ধের ঘোষনা আসলেও পুরোপুরি বন্ধের কোন বার্তা এখনো ফিফা থেকে দেয়া হয়নি। তবে মার্চ-এপ্রিলে ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের জাতীয় দলের জন্য ছেড়ে দেবার ব্যপারে আপত্তি জানাতে পারে বলে ফিফা মত দিয়েছে। ফিফা আরো জানিয়েছে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাতিল হয়ে যাওয়া ম্যাচগুলোর তারিখ পুন:নির্ধারণে তারা কাজ শুরু করেছে। সাধারণত জাতীয় দলের জন্য ক্লাবগুলোর ক্ষেত্রে খেলোয়াড়দের ছেড়ে দেবার আইন রয়েছে। তবে এই আইন সাময়িক ভাবে শিথিল করা হয়েছে বলে ফিফা সূত্র নিশ্চিত করেছে।