ডোপ কেলেঙ্কারিতে জড়িত থাকায় রাশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনকে এক কোটি ডলার জরিমানা করেছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স। একই সঙ্গে টোকিও অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিরপেক্ষ পতাকা নিয়ে দেশটি থেকে সর্বোচ্চ ১০ জন অ্যাথলেট অংশ নিতে পারবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার দেওয়া শাস্তিতে আরও বলা হয়েছে, আগামী ১ জুলাইয়ের মধ্যে জরিমানার অর্ধেক পরিশোধ না করলে ২০২০ অলিম্পিকে অ্যাথলেটরা অংশ নিতে পারবেন না। গত ডিসেম্বরে সব ধরনের বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে আগামী চার বছরের জন্য রাশিয়াকে নিষিদ্ধ করে ডব্লিউএডিএ। তখন জানানো হয়েছিল, ডোপ কেলেঙ্কারিতে জড়িত নন এমন অ্যাথলেটরা নিজেদের জড়িত না থাকার প্রমাণ দিতে পারলে নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিতে পারবেন অলিম্পিকে। ২০১৫ সাল থেকে অ্যাথলেটিক্সে দেশ হিসেবে রাশিয়ার অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। দক্ষিণ কোরিয়ার পাইওংচাংয়ে ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে ১৬৮ জন রুশ অ্যাথলেট নিরপেক্ষ পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন। ২০১৪ সালে সোচিতে হওয়া আগের শীতকালীন অলিম্পিকে পদক তালিকার শীর্ষে ছিল রাশিয়ার অ্যাথলেটরা। এরপরই তাদের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠে। ২০১৬ সালে রিও অলিম্পিকের আগে মস্কোর পরীক্ষাগারেই রাশিয়ার অ্যাথলেটদের ডোপিংয়ের প্রমাণ মেলে। এরপর তাদেরকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অযোগ্য ঘোষণা করা হয়।