পুলিশের প্রতিবেদন গোপন করে জালিয়াতির মাধ্যমে এক ভারতীয় নাগরিককে পাসপোর্ট প্রদানের অভিযোগে রাজশাহী পাসপোর্ট অফিসের সাবেক সহকারী পরিচালক আবজাউল হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মামুনুর রশিদ। মামলা নং-৪, তারিখ- ১২/০৩/২০।
মামলার অন্য আসামিরা হলেন, পাসপোর্ট গ্রহনকারী ভারতের সেই নাগরিক হাফেজ আহমেদ, রাজশাহী পাসপোর্ট অফিসের এমএলএস রঞ্জু লাল, অফিস সহায়ক হুমায়ন কবির, উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর আলমাস উদ্দিন, ইব্রাহিম হোসেন ও মুদ্রাক্ষরিক আবদুল ওয়াদুদ।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, রাজশাহী পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ২০১৭ সালে ভারতের নাগরিক হাফেজ আহমেদকে ভারতে থাকা অবস্থায় একটি পাসপোর্ট প্রদান করেন। যে পাসপোর্ট ব্যবহার করেই হাফেজ আহমেদ সৌদি আরবে চলে যায়।
তিনি বলেন, পাসপোর্ট অফিসের এই জালিয়াতির বিষয়টি দুদকের প্রধান কার্যালয় থেকে তদন্ত করা হয়। যেহেতু ঘটনাস্থাল রাজশাহী অফিসের আওতায় সেহেতু মামলাটি এখানেই রেকর্ড করা হয়েছে।