বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিন রোগীর মধ্যে দু’জনের অবস্থা খুবই ভালো বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তাদের ব্লাড পরীক্ষার ফল নেগেটিভ পাওয়া গেছে বলে জানান তিনি। বুধবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিচালক।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে নতুন করে কারো মধ্যে কভিড-১৯ ধরা পড়েনি। এছাড়া আক্রান্ত তিন জনের অবস্থাই এখন ভালো। আমরা প্রথম থেকেই বলেছি তাদের সংক্রামন মৃদু। তবে তাদের মধ্যে দুই জন একবারেরই সুস্থ। তাদের ব্লাড পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়া গেছে।
এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকলের কথা স্বরণ করিয়ে তিনি আরো বলেন, প্রটোকল অনুযায়ী পরপর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ না আসলে তাদের পুরোপুরি সুস্থ বলা যাবে না। তাই আমরা এখনই তাদের ছাড়ছি না।
এসময় তিনি বলেন, আক্রান্ত তিন জনের মধ্যে একজনের শরীরে এখনও ভাইরাসের অস্তিত্ব রয়েছে। তবে তিনি ভালো আছেন।
আইইডিসিআর’য়ের নিয়মিত এই ব্রিফংয়ে পরিচালক আরো বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারো মধ্যে করোনা পজিটিভ আসেনি।