দিনাজপুরের পার্বতীপুরে আবদুল করিম শেখ (৫৭) নামে এক ইউপি সদস্য গত ৮দিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল বেডে (পুরুষ বেড নং-১২) কাতরাচ্ছেন। তার পাশের বেডেই (পুরুষ বেড নং-১১) সঙ্গী হয়েছেন একমাত্র মেয়ে জামাই গোলাম রব্বানী বাবু (২৬)ও। গত বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় তার নিজের ৪ শতক জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষে ভাড়াতে দুর্বৃতের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে তারা এখন শয্যাসায়ী। এ অভিযোগ তাদের স্বজনদের।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার শহরতলীর হলদীবাড়ী রেলগেট সংলগ্ন এলাকার ৪ শতক জায়গা-জমি নিয়ে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হলদীবাড়ী ডাঙ্গাপাড়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল করিম শেখের সাথে একই এলাকার মোঃ আবুল কাসেমের বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এনিয়ে পার্বতীপুর সহকারী জজ আদালতে মামলাও চলছে। বুধবার বিকেলে বিরোধপূর্ণ জায়গায় আবুল কাসেমের লোকজন প্রাচীর নির্মাণ করার চেষ্টাকালে আবদুল করিম শেখ আইনগত ভাবে বাধা দিলে বিপক্ষ সংঘর্ষ বাধায়। ঘটনাস্থলেই ইউপি সদস্য আবদুল করিম শেখ (৫৭) তার স্ত্রী সামসুন্নাহার শিউলী (৫০), মেয়ে নিপা মোনালিছা (২৪) ও গোলাম রব্বানী (২৬)সহ ৪ জন আহত হয়। ঘটনার পরপরই আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
এবিষয়ে পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোকলেছুর রহমান জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।