বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইটো নাওকি বরিশালে সফরকালে বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ইতালি ফেরত তিনজনকে সরকার শনাক্ত করা হয়েছে। সরকারের এই কার্যক্রমে জাপান নিশ্চিন্ত রয়েছে বাংলাদেশ যথাযথভাবে করোনা নিয়ন্ত্রণ করতে পারবে।
বরিশালে ডিডব্লিউএফ’র (ডিজেবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন) উদ্যোগে জাপান সরকারের সহায়তায় নির্মিত আনোয়ারা তোফাজ্জেল বৃদ্ধাশ্রমের সোমবার বিকেলে উদ্বোধণ করা হয়। ওইদিন রাতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জাপানি রাষ্ট্রদূত আরও বলেন, বরিশালের উন্নয়নে দীর্ঘদিন থেকেই জাপান সরকার কাজ করছে। এর আগে বরিশাল সিটি কর্পোরেশন, সড়ক, সেতুসহ বিভিন্ন উন্নয়নে তারা সহযোগিতা করেছে। আগামীতে কর্তৃপক্ষকে উন্নয়নের জন্য আবেদন করতে হবে। তারা যদি এক পা এগোয়, জাপান সহযোগিতার জন্য অনেক বেশি এগিয়ে আসবে।
সূত্রমতে, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিপরীতে এই বৃদ্ধাশ্রমটি স্থাপন করা হয়েছে। এখানে প্রাথমিক পর্যায়ে ২০ জনের বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া একইস্থানে ডিডব্লিউএফ আনোয়ারা তোফাজ্জেল পেলিয়েটিভ হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাপান রাষ্ট্রদূত।
এসময় অন্যান্যের মধ্যেউপস্থিত ছিলেন বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুল, ডিডব্লিউএফ’র চেয়ারম্যান মোঃ ঝাহিরুল ইসলাম, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।