জাতীয় দলে জায়গা হারানোর পরে এক যুগ ধরে ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন ওয়াসিম জাফর। ভারতের ঘরোয়া ক্রিকেটের অনেক রেকর্ডের মালিক অবশেষে থামলেন। বিদায় জানালেন সব ধরনের ক্রিকেটকে। ভারতের ৪২ বছর বয়সী সাবেক এই ওপেনার শনিবার ব্যাট-প্যাড তুলে রাখার কথা জানান। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকায় টেস্ট অভিষেক হওয়া জাফর এই সংস্করণে খেলেছেন ২০০৮ সাল পর্যন্ত। দেশের হয়ে ৩১ টেস্টে ৫ সেঞ্চুরি ও ১১ হাফ সেঞ্চুরিতে করেন প্রায় দুই হাজার রান। টেস্ট অভিষেকের ৬ বছর পর ওয়ানডে অভিষেক হয় জাফরের। এই সংস্করণে খেলতে পেরেছেন কেবল ২ ম্যাচ। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯১ সেঞ্চুরি ও ৫৭ ফিফটিতে ১৯ হাজার ৪১০ রানের মধ্যে ১২ হাজারের বেশি রান করেছেন রঞ্জি ট্রফিতে। যা এই টুর্নামেন্টের রেকর্ড। ভারতের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে জাফরের চেয়ে বেশি রান আছে কেবল চার জনের। লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ১১৮ ম্যাচ, করেছেন ৪ হাজার ৮৪৯ রান। জাফরের নামের পাশে আছে ১০ সেঞ্চুরি ও ৩৩ ফিফটি।