ভাল ফলাফল অর্জন করতে পাবনার সুজানগরের অধিকাংশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকবিদ্যালয়ে শিক্ষার্থীরা জানুয়ারী মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ ১২মাস প্রাইভেট পড়ে থাকে। বিদ্যালয়ে যথাযথভাবে পাঠদান না হওয়ায় শিক্ষার্থীদের ১২মাস প্রাইভেট পড়াতে হয় বলে অভিভাবকরা অভিযোগ করেন।
উপজেলা মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৩৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮টি উচ্চমাধ্যমিকবিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ২/৪টি ব্যতীত অধিকাংশ বিদ্যালয়ে তেমন লেখা-পড়া হয়না। ফলে শিক্ষার্থীরা ভাল ফলাফলের আশায় বাধ্য হয়ে জানুয়ারী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রাইভেট পড়ে থাকে। আবদুল হাই নামে একজন অভিভাবক বলেন আমার মেয়ে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে লেখা-পড়া করে। তার ভাষ্যমতে শ্রেণি কক্ষে স্যাররা তেমন ভাল পড়ান না। এমনকি শিক্ষকরা শিক্ষার্থীদেরকে ভাল ফলাফলের জন্য প্রাইভেট পড়তে উৎসাহিত করেন। ফলে নিরুপায় হয়ে মেয়েকে অঙ্ক এবং ইংরেজি প্রাইভেট পড়াতে দিয়েছি। একই ধরনের অভিযোগ করেন অভিভাবক আবদুল মোমিন। তিনি বলেন ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়া ছাড়া কোন উপায় নেই। কেননা কতিপয় অঙ্ক এবং ইংরেজি শিক্ষক বিদ্যালয়ে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়াতেই বেশি আগ্রহী। তারা বিদ্যালয়ের আশপাশে বাসা ভাড়া নিয়ে আবার কেইবা নিজ বাড়িতেই শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর জন্য সু-ব্যবস্থা করে রেখেছেন। শামসুর রহমান নামে স্থানীয় এক ইউপি সদস্য বলেন সরকারের নিয়ম-নীতিকে উপেক্ষা করে কতিপয় শিক্ষক সকালে এবং বিকালে শ্রেণি কক্ষের ন্যায় প্রতি ব্যাচে ৩০থেকে ৩৫জন করে শিক্ষার্থীকে প্রাইভেট পড়ায়ে থাকেন। তারা শ্রেণি কক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়াতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে প্রাভেট পড়ছে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন প্রাইভেট ও কোচিং বাণিজ্যের এ চিত্র দেশ ব্যাপি। সুতরাং ওই বাণিজ্য বন্ধে প্রয়োজন সরকারের ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ।