লিওকেঁ উড়িয়ে টানা ষষ্ঠবারের মত পিএসজিকে ফরাসি কাপের ফাইনালে নেয়ার পথে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপে। এর মধ্যে ফরাসি এই ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি নজর কেড়েছে সবার। প্রতিপক্ষের মাঠে বুধবার ৫-১ ব্যবধানের জয়ে ৭০ গজ দূর থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলটি করেন বিশ্বকাপজয়ী এই তারকা। প্রতিপক্ষের ভুল পাসে নিজেদের ডি বক্সের সামনে বল পেয়ে যান এমবাপে। বাম প্রান্ত দিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে দুজনকে ছিটকে কাছের পোস্ট দিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককেও পরাস্ত করেন ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এই গোলে দল এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। শুরুতে পিছিয়ে পড়া সফরকারী দলের হয়ে সমতাসূচক গোলটিও করেন এমবাপে। আর হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের যোগ করা সময়ে। ম্যাচের ৬১তম মিনিটে দশ জনের দলে পরিণত হওয়া দলটির বিপক্ষে অন্য গোল দুটি করেন নেইমার ও পাবলো সারাবিয়া।