বছর ঘুরে এসেছে ঋতুরাজ বসন্ত। বসন্তের ছোয়ায় ফুটেছে প্রকৃতির সব ফুল। গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। সেই মুকুলের ঘ্রাণে দূর দুরান্ত থেকে ছুটে আসছে মৌমাছি। পাশ দিয়ে গেলে একটি মিষ্টি গন্ধ নাকে ভেসে আসে। কিছু কিছু আমের মুকুল এরইমধ্যে রং বদলাতে শুরু করেছে। আবার কিছু গাছে মুকুল আসছে।
পাবনার বেড়া উপজেলার কয়েকটি গ্রামে ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এবছর আমের মুকুল এসেছে বেশি। মুকুলের ভারেই ছোট গাছগুলো কিছুটা নুইয়ে পরেছে। আমের মুকুল ঘিরে রয়েছে নানা রকম মৌমাছি পতঙ্গ। এ উপজেলায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আম গাছের সংখ্যা। এবছর আমের ভালো ফলনের আশা করছে উপজেলা কৃষি অফিস।
উপজেলা কৃষি কর্মকর্তা মশকর আলী জানান, এ বছর বেড়া উপজেলায় প্রচুর আমের মুকুল আসায় আমের ফলনের ভালো সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের বিভিন্ন সময় পরামর্শ ও অন্যান্য সহযোগীতা দিয়ে আসছি।