ভারত সিরিজ থেকেই কব্জির চোটে ভুগছেন সাদমান ইসলাম। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে কাঁধের চোট নিয়ে আগেভাগেই দেশে ফেরেন মুত্যুঞ্জয় চৌধুরী। দ্রুত সেরে ওঠা নিশ্চিত করতে তাদের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা দুইজন। অস্ট্রেলীয় শল্যবিদ গ্রেগ হয়ের শরণাপন্ন হচ্ছে বিসিবি। মোস্তাফিজের মতো সাদমান ও মৃত্যুঞ্জয়ের অস্ত্রোপচার হবে তার তত্ত্বাবধানেই। আগামী ১২ মার্চ মেলবোর্নে অস্ট্রেলীয় শল্যবিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এ দুই ক্রিকেটার। ভারত সিরিজে কব্জির চোট নিয়ে ফিরে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি সাদমান। খেলতে পারেননি বাংলাদেশ ক্রিকেট লিগও (বিসিএল)। অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে মাস দেড়েক সময় লাগবে সাদমানের। বাঁহাতি ব্যাটসম্যান অবশ্য আশাবাদী যে প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলতে পারবেন, ‘শুনেছি দেড় থেকে দুই মাস লাগবে। আশা করি সুপার লিগ থেকে খেলতে পারবো।’ কাঁধে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ফিরে আসেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। প্রতিভাবান এই তরুণকেও দ্রুত সেরে ওঠার জন্য পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়া। মৃত্যুঞ্জয়বলেছেন, ‘প্রিমিয়ার লিগটা খেলা হবে না। আশা করি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবো। হয়তো দেড় মাসের মতো আমাকে মাঠের বাইরে থাকতে হবে।