গেল বছর ইংল্যান্ডে শ্বাসরুদ্ধকর বিশ্বকাপ ফাইনালের পর নিউজিল্যান্ড ওয়ানডে দলে ফিরলেন তিন পেসার ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন ও ম্যাট হেনরি। পেস ত্রয়ীকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর সম্প্রতি প্রথম দেশের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে নিউজিল্যান্ড। ইনজুরির কারণে সিরিজের দলে ছিলেন বোল্ট-ফার্গুসন ও হেনরি। তারপরও ভারতকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে কিউইরা। তবে ইনজুরি থেকে সুস্থ হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য বিবেচিত হলেন বোল্ট-ফার্গুসন ও হেনরি। ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করা কাইল জেমিসনও দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তবে দল থেকে বাদ পড়েছেন হামিশ বেনেট ও স্কট কুগিলেজিন। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ইনজুরিতে পড়েন বোল্ট-ফার্গুসন ও হেনরি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বোল্ট মাঠে ফিরলেও, ইনজুরির কারণে ফার্গুসন ও হেনরি ছিলেন মাঠের বাইরে। সুস্থ হবার পর ঘরোয়া ক্রিকেটে খেলে নিজেদের ফিটনেস প্রমাণ করে আবারো মাঠে ফিরেন ফার্গুসন ও হেনরি। সিডনিতে আগামী ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে। ২০ মার্চ হোবার্টে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। নিউজিল্যান্ড ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (উইকেটরক্ষক), জিমি নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও রস টেইলর।