দিনাজপুরের পার্বতীপুরে দূর্বৃত্তের নির্যাতনে শফিকুল ইসলাম (৬০) নামে এক চার্জার ভ্যানচালক নিহত হয়েছেন। সে উপজেলার রামপুর ইউনিয়নের শিমুলিয়া পাড়ার নুরুল মজিদ গ্রামের মৃত আবদুস সবুরের ছেলে। গত সোমবার রাতে শহরের সুন্দরীপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই দিন রাতে যাত্রীবেশী কয়েকজন দূর্বৃত্ত শফিকুল ইসলামের ভ্যান ভাড়া নিয়ে ফকিরের বাজার থেকে শহরের উদ্দেশ্যে রওনা হয়। পথে শহরের পার্শ্ববর্তী সুন্দরীপাড়া-ডাঙ্গাপাড়া সড়কের নির্জন এলাকায় পৌছুলে দূর্বৃত্তরা তার হাত পা বেঁধে ও মুখে টেপ পেঁচিয়ে রাস্তার পাশের খালে ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার আরও অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রংপুর মেডিকেলেজ হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার সকাল ৯টায় তিনি মারা যান।
উল্লেখ্য, সপ্তাহ খানেক আগে দিনমজুর শফিকুল ইসলাম অতিকষ্টে জমানো ৪২ হাজার টাকা দিয়ে ব্যাটারী চালিত চার্জারভ্যানটি ক্রয় করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।