বেটিং আইন ভঙ্গের দায়ে ফুটবলের সব ধরনের কর্মকা- থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিভারপুলের সাবেক স্ট্রাইকার ড্যানিয়েল স্টুরিজকে। এক বিবৃতিতে এফএ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে স্টুরিজের এই নিষেধাজ্ঞা চলতি বছরের ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে। গত বছর জুলাইয়ে স্টুরিজকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ ও ৭৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার ব্যপারে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন শাস্তির মেয়াদ বাড়ানোর জন্য আপিল করে। সেই আপিলে জয়ী হয়েই স্টুরিজের শাস্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আপিলে তার জরিমানা বাড়িয়ে দেড় লাখ পাউন্ড করা হয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে চুক্তি সংক্রান্ত অভ্যন্তরীন বিষয়াদি ফাঁস করে দেবার অভিযোগ উঠে ইংল্যান্ডের এই সাবেক খেলোয়াড়ের বিপক্ষে। তুরষ্কের ক্লাব ট্রাবজোনসপোরের সাথে তার চুক্তি নিয়ে এই অভিযোগ উত্থাপিত হয়। পরবর্তীতে অবশ্য তুরষ্কের ক্লাবটি স্টুরিজের সাথে তাদের চুক্তি বাতিল করেছে। ২০০৯ সালে চেলসিতে যাবার আগে ৩০ বছর বয়সী স্টুরিজ ম্যানচেস্টার সিটি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০১৩ সালে এ্যানফিল্ডে যাবার পর ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। লুইস সুয়ারেজ ও রাহিম স্টার্লিংয়ের সাথে লিভারপুলের সমৃদ্ধ আক্রনমভাগে খেলে স্টুরিজ ২০১৩/১৪ মৌসুমে ২৪টি গোল করেছিলেন। ইংল্যান্ডের জার্সি গায়ে খেলেছেন ২৬টি আন্তর্জাতিক ম্যাচ।