বগুড়ার ধুনট উপজেলার পল্লীর যমুনার তীর সংরক্ষণ প্রকল্প ও বণ্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকা থেকে বালু ও মাটি বিক্রির অভিযোগে শহিদুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে পাউবো। এদিকে মামলা ঠেকাতে নামধারী আওয়ামী লীগ নেতা এখন দাফিয়ে বেড়াচ্ছেন।
সোমবার বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক বাদী হয়ে ওই আ.লীগ নেতার বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শহিদুল ইসলাম বৈশাখী গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে ও ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গত এক সপ্তাহ ধরে ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয়ের পূর্বপাশে যমুনার তীর সংরক্ষণ ও বণ্যা নিয়ন্ত্রন বাঁধের নিকট থেকে অবৈধভাবে মাটি ও বালু বিক্রি করে আসছেন। এসংক্রান্ত একটি প্রতিবেদন গত ২৯ ফ্রেব্রুয়ারী স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
জানাগেছে, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ও ভুতবাড়ি গ্রামে যমুনা নদীর ভাঙন ঠেকাতে ২০১৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ২০০ মিটার ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এদিকে গত এক সপ্তাহ ধরে ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে ওই তীর সংরক্ষন প্রকল্পের নিকট থেকে অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রি করতে থাকেন ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। তিনি প্রতি ট্রাক মাটি ৪০০ টাকা ও প্রতি ট্রাক বালু ৮০০ টাকায় বিক্রি করছেন। এভাবে যমুনার চর থেকে যত্রতত্র ও ইচ্ছামতো মাটি-বালু উত্তোলনের ফলে তীর সংরক্ষন প্রকল্প ও বণ্যা নিয়ন্ত্রন বাঁধ সহ নদী ভাঙন ঝুঁকিতে পড়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী আসাদুল হক বলেন, যমুনার তীর সংরক্ষণ প্রকল্প ও বণ্যা নিয়ন্ত্রন বাঁধের নিকট থেকে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি কয়েকদিন ধরে মাটি ও বালু কেটে বিক্রি করছেন। এ ভাবে মাটি কেটে নিলে তীর সংরক্ষণ প্রকল্পের মারাত্বক ক্ষতি হতে পারে। তাই এ ঘটনায় শহিদুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়েরের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।
ধুনট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক)মুহাঃ ইসমাইল হোসেন জানান, যমুনার তীর সংরক্ষণ প্রকল্প ও বণ্যা নিয়ন্ত্রন বাঁধ এলাকা থেকে বালু ও মাটি বিক্রির অভিযোগে শহিদুল ইসলামকে আসামি করে থানায় এজাহার দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।