অবশেষে এক সপ্তাহের মধ্য বগুড়ার শিবগঞ্জে স্ত্রী কে হত্যার অভিযোগে স্বামী মামুন মিয়া (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে শিবগঞ্জ থানা পুলিশ তাকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের আচলাই গ্রামের খট্টমিয়ার ছেলে মামুন এক বছর পূর্বে তেঘরী গ্রামের শিরিনা আকতার সুলতানা (২০) কে ভালবেসে বিয়ে করে।
এরপর সে বিভিন্ন সময়ে যৌতুকের দাবীতে শিরিনার উপর অত্যাচার করতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি রাতে সে স্ত্রী শিরিনা আকতার সুলতানা কে শ্বাসরোধ করে হত্যা করে স্থানীয় একটি ধানক্ষেত্রে ফেলে রেখে পালিয়ে যায়। পর দিন সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করে।
এ ঘটনায় পরবর্তীতে নিহতের চাচা হারুনুর রশিদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক )মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত মামুন তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।