বিরলে দূর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত কিবরিয়া (৩৭) এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে হত্যাকারীদের বিচারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।
সোমবার সকাল ১১ টায় রাণীপুকুর ইউপি’র হালজায় গ্রামের বাসিন্দারাসহ সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিরল প্রেস ক্লাবের সম্মূখে এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নিহত গোলাম কিবরিয়ার বড়ভাই মোঃ কামরুজ্জামান, চাচা আবদুল মান্নান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, ইউপি চেয়ারম্যান ফারুক আজম, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন, রাজা দশরথ চন্দ্র রায়, চালকল মালিক সমিতির সদস্য সাবেক ভিপি হামিদুর রহমান, বোর্ডহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সবুর, মামুন আলম প্রমূখ।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রোববার রাত আনুমানিক সাড়ে ৮ টায় রানীপুকুর ইউপি’র হালজায় গ্রামের আবদুল হান্নান মাস্টারের পুত্র চালকল ব্যবসায়ী গোলাম কিবরিয়া (৩৭) সঙ্গীয় বন্ধু দুলাল হোসেনসহ বাড়ী ফিরছিল। বহবলদিঘী বাজার হতে বাড়ী ফেরার সময় পথিমধ্যে রাঙ্গন (হাড়ীপুকুর) নামক স্থানে পথিমধ্যে আশপাশে জনবসতীহীন এলাকায় অতর্কিত হামলা করে দূর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গীয় বন্ধু দুলাল হোসেন আত্মরক্ষার্থে দৌড়ে পালিয়ে চিৎকার করলে পার্শ্ববর্তী স্থানীয়রা ছুটে এসে তাঁকে গুরুতর রক্তাক্ত অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত প্রায় ১০ টায় চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরদিন সোমবার দুপুরে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে দু’দফা জানাযা শেষে সন্ধ্যায় গ্রামের বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন কার্য্য সম্পন্ন করে পরিবারের লোকজন। ঐ দিনই নিহতর ভাই কামরুজ্জামান বাদী হয়ে এজাহার নামীয় ৭ জন ও অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে বিরল থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পরিদর্শক (তদন্ত) ইমাম আবু জাফর জিজ্ঞাসাবাদের জন্য হালজায় গ্রামের মোকলেছুর রহমানের পুত্র দুলাল হোসেন ও সমিজ এর পুত্র হাফিজুলকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে এবং পরবর্তীতে সেরাজুল নামের অপর একজনকে আটক করলেও মামলার দ্রুততম অগ্রগতী না দেখে নিহতর পরিবারের লোকজন চরম হতাশাগ্রস্থ হয়ে পড়ে। ঘটনায় সর্বস্তরের এলাকাবাসী এ কর্মসূচি পালন করে দ্রুততম সময়ের মধ্যে হত্যার মোটিভ উদঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এর নিকট স্মারকলিপি প্রদান করে।