বগুড়ার নন্দীগ্রামে বাবার কাছে মটরসাইকেল কিনে চেয়ে না পেয়ে নাজমুল হোসেন (১৪) নামের এক অষ্টম শ্রেনীর স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। সোমবার (২ মার্চ) দুপুরে নিজ ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নাজমুল হোসেন নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ার ইসলাম হোসেনের ছেলে। সে নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র।
জানা গেছে, নাজমুল তার বাবার কাছে বেশ কিছুদিন ধরে মটর সাইকেল কিনে দেয়ার দাবী করে আসছিল। বাবা ইসলাম হোসেন ফুটপাতে ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় মটর সাইকেল কিনে দেয়ার সামর্থ নাই। কিন্তু ছেলের দাবী তাকে মটর সাইকেল কিনে দিবে। মটরসাইকেল না পেয়ে সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে সবার অজান্তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।