জেলার গৌরনদী উপজেলার পালরদী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বানিজ্যিক ভাবে বালু বিক্রি শুরু করেছে স্থানীয় প্রভাবশালীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন যাবত পালরদী নদীর বড় দুলালী এলাকায় স্থানীয় রাসেল নামের এক যুবক অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন শুরু করেন। পাশাপাশি কতিপয় প্রভাবশালী নদীতে আরও দুইটি অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।
উপজেলার বড়দুলালী গ্রামের নদীপাড়ের বাসিন্দারা জানান, পালরদী নদীর বড় দুলালী অংশে তিনটি অবৈধ ড্রেজার বসিয়ে অব্যাহত ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী মহল। ফলে বর্ষার দিনে বালু উত্তোলন এলাকায় ভাঙ্গন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।