রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রাম থেকে ৬ষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীকে (১৩) অপহরণ করে পালানোর সময় অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার ও দুই অপহরনকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকার লোকজন। আটককৃত অপহরনকারীরা হলেন, রাজশাহীর কাটাখালী থানার গোয়াবাসিনা গ্রামের আবদুস সাত্তারের ছেলে গোলাম আযম সানোয়ার (২০) ও তার সহযোগী একই গ্রামের আলী হোসেনের ছেলে ইমান আলী (২২)। ওই ঘটনায় অপহৃত স্কুল শিক্ষার্থীর বাবা আবদুল ওয়াহেদ বাদী হয়ে বাগমারা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে। জানা যায়, উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের খামার গ্রামের রাস্তায় শ্রমিকের কাজ করতে এসেছিল রাজশাহী সহ বিভিন্ন এলাকার শ্রমিক। রাস্তাদিয়ে যাতায়াতের সময় আবদুল ওয়াহেদের স্কুল পড়-য়া মেয়ের সাথে রাজশাহীর কাটাখালী এলাকার যুবক গোলাম আযম সানোয়ারের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত শনিবার গভীর রাতে সানোয়ার তার সহযোগী ইমান আলী সঙ্গে নিয়ে আবদুল ওয়াহেদের বাড়িতে যায় এবং তার ঘুমন্ত স্কুল পড়-য়া মেয়েকে অপহরণ করে তাহেরপুর পৌর এলাকা দিয়ে কাটাখালীতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহেরপুর পৌরসভায় পৌঁছার পর এলাকার লোকজনের সন্দেহ হলে তারা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ বিষয়টি বাগমারা থানাকে অবহিত করলে রাতেই তাদেরকে জনগনের কাছ থেকে উদ্ধার করে স্কুল শিক্ষার্থীসহ দুই অপহরনকারীকে বাগমারা থানায় নেয়া হয়। ওই ঘটনায় রোববার স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে দুই অপহরনকারীর বিরুদ্ধে বাগমারা থানায় একটি অপহরণ মামলা করেন। স্কুল ছাত্রীকে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিসিতে) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, দুই অপহরনকারীকে গেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।