রাজশাহীর বাগমারা উপজেলায় এক ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যকে অকথ্যভাষায় গালিগালাজের জন্য পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন, একই পরিষদের সংরক্ষিত নারী সদস্য হাসনা বানু। তবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। অকথ্যভাষায় গালিগালাজের বিষয়টি অস্বীকার করেছেন, পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল। ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়ন পরিষদে। ঘটনার পর থেকেই ওই পরিষদের অন্যান্য সংরক্ষিত নারী সদস্যের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৫ ফেব্রুয়ারী উপজেলার দ্বীপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের ভিজিডি’র চাল দেয়ার কথা বলে ভুক্তাদের কাছ থেকে মাষ্টারুলে দুই মাসের টিপ ও সহি নেয়। দুই মাসের চাল বিতরন না করে তিনি এক মাসের চাল বিতরন করেন। ভুক্তারা বিষয়টি জানতে পারেন এবং সংরক্ষিত নারী সদস্যদের অবহিত করেন। সংরক্ষিত নারী সদস্য হাসিনা বানু বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলালকে জানালে তিনি ওই নারীদের উপর ক্ষিপ্ত হন এবং অকথ্যভাষায় গালমন্দ করেন। নারী সদস্য প্রতিবাদ করার চেষ্টা করলে পরিষদের চেয়ারম্যান তাকে মারমুখি হয়ে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেন।
দ্বীপপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যরা জানান, দুলাল চেয়ারম্যানের চেয়ারে বসার পর থেকেই শুধু নারী সদস্য নয়, পুরুষ সদস্যরাও তার ভয়ে কথা বলে না। তিনি সব সময় অনিয়মের মধ্যে থেকেই চেয়ারম্যানী পরিচালনা করে আসছেন। কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করা হয়। যার কারনেই কোন ইউনিয়ন পরিষদের নারী কিংবা পুরুষ সদস্যরা প্রতিবাদ করতে সাহস পাই না।
সংরক্ষিত নারী সদস্য হাসিনা বানুর অভিযোগ, তিনি চাল আত্মসাৎ কিংবা কোন অনিয়মের অভিযোগ করেনি। তার সম্মান হানীর বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল জানান, যা করেছি সবার সম্মতিক্রমে করেছি, এর বেশী তিনি আর কিছুই বলতে চাননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলালকে নোটিশের মাধ্যমে ডেকে ঘটনার বিষয়টি জানা হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।