‘মুজিববর্ষে আওয়ামী লীগে সুবিধাভোগী সন্ত্রাসীকে জায়গা দেব না। নেতা হতে হলে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ভোগের লিপ্সা ত্যাগ করে আমাদের সত্যিকারের মুজিব সৈনিক হতে হবে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শের পতাকা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’ রোববার (১ মার্চ) রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর দুপুর ২টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও পূর্বের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। এ সময় পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে এক মাস সময় বেঁধে দেন ওবায়দুল কাদের।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে মহানগর আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘আজকে কেন জানি মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগে কর্মী কমে যাচ্ছে, নেতা বেড়ে যাচ্ছে। আমাদের এত নেতা দরকার নেই। আমাদের আজকে সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় কত নেতা! নেতার যেন অভাব নেই। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দেখাবেন, যাদের লোকে চেনেও না! কিন্তু উনি বিলবোর্ডে উজ্জ্বল। এসব দেখতে পাওয়া যায়। তাই পকেট কমিটি করে আওয়ামী লীগকে দুর্বল করবেন না। পকেটের লোকদের নিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাবাদীদের হাতে চলে যাবে।’
তিনি বলেন, ‘মশারির ভেতর মশারি টাঙাবেন না। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। কঠিন চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। ত্যাগী নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে। কারণ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে অশুভ শক্তি। তাই এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর যেন কোনো দিন সাম্প্রদায়িক শক্তি, অন্ধকারের শক্তি ক্ষমতায় না আসতে পারে সে জন্য আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের তিন মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। তাই আগামী ১৫ দিনের মধ্যে রাজশাহী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এতে ব্যর্থ হলে এই জেলা কমিটি ভেঙে দেয়া হবে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিম-লির সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের উপদেষ্টা ড. আবদুল খালেক, ড. সাইদুর রহমান খান, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠা-ু, আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৫ আসনের এমপি ডা. মুনসুর রহমান, সাবেক এমপি বেগম আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ অক্টোবর রাজশাহী মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে খায়রুজ্জামান লিটন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। আর কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক হন ডাবলু সরকার। এবারও এই দুজনের নেতৃত্বেই থাকল রাজশাহী মহানগর আওয়ামী লীগ।