রোববার বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা (মালিপাড়া) গ্রামে সরকারি জায়গার উপর সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে গড়ে ওঠা ৩টি ভবন ও ১টি বাড়ী ভেঙ্গে দিয়েছে প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান, বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আকতার, কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদ সহ বগুড়া ও কাহালু থানার পুলিশ সদস্যবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাহালু উপজেলা পাইকড় ইউনিয়নের আড়োলা মৌজার আর এস নং-১, জে এল নং-২৬, ২২৫৮ দাগের ৩০ শতক সরকারি জায়গার উপরে আড়োলা (মালিপাড়া) গ্রামের মৃত ওসমান আলীর পুত্র সাইফুল ইসলাম, মৃত অভিচরন চন্দ্রের পুত্র অনিল চন্দ্র, যোতিন চন্দ্র ও অর্জিত চন্দ্র জোরপূর্বক সরকারি নিষেধ অমান্য করে অবৈধভাবে ভবন ও বাড়ী নির্মাণ করেন।
এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, সরকারি জায়গায় অবৈধ স্থাপনা সরে নেওয়ার জন্য ৪ বার নোটিশ করার পরও তারা সরকারি আদেশ অমান্য করেন।