বিয়ের অনুষ্ঠানের আনন্দ চাপা দিলো লাশের মিছিল। শোকের মাতমে মুহূর্তেই পাল্টে গেলো উৎসবের আনন্দ। রাজশাহীর গোদাগাড়ীতে ভাইয়ের বিয়ের দাওয়াতে অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো গোটা পরিবারের। দুই সন্তানসহ বাবা-মায়ের পাশাপাশি প্রাণ গেছে আরো তিনজনের। এ ঘটনায় শোক নেমে এসেছে পুরো এলাকায়।
অথচ শনিবারের (২৯ ফেব্রুয়ারি) এই সকালেও সবকিছু ঠিকঠাক ছিল। ভাইয়ের বিয়েতে আনন্দ করতে যাচ্ছিলেন হাসনারা ও তার পরিবার। চার মাসের শিশু সন্তান, কন্যা, স্বামী, বোনও ছিল গাড়িতে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শেষ হয়ে গেলো পুরো পরিবার। মারা গেছেন প্রাইভেটকার চালকও।
প্রাইভেটকারটি কাদিপুর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে স্বামী আক্কাস আলী আকাশ, বোন আছিয়া ও চালক মাহবুব মারা যান। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসনারা, মেয়ে মুশফেরা (১০) ও চারমাসের ছেলে আদিব আল হাসান এবং ভাগনি পূর্ণিমা মারা যান। রোববার (১ মার্চ) সকাল ৬ টায় মারা যায় আশিয়ার স্বামী রজমান আলী।
ওই গাড়িতে চালকসহ মোট আটজন আরোহী ছিলেন।
নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী আকাশ (৪০), তার স্ত্রী হাসনারা (৩৫), তার মেয়ে মুসফেরা (১০), ছেলে আদিব আল হাসান (৪ মাস), মহানগরীর মেহেরচ-ী এলাকার মতিউর রহমানের ছেলে প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান (৩৫) ও গোদাগাড়ী কেল্লাবাড়ি গ্রামের রমজান আলী ও স্ত্রী আছিয়া বেগম (৩০) ও ভাগনি পূর্ণিমা (২৩)।
বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছে- নিহত আছিয়ার স্বামী ও রমজান আলী (৩৫)র মেয়ে রাফিয়াকে (৩)। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রতক্ষদর্শিরা জানান, কারটি দ্রুত গতিতে ছিলো নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে বিকট শব্দে আমরা উদ্ধার করি পরে ফায়ারসার্ভিস আসলে আহতদের রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
নিহত আশিয়ার চাচা প্রফেসর আবদুল খালেক জানান, তারা মহিশালবাড়ী বিয়ের দাওয়াতে আসলে পরিবারের সবাই মারা যায়।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নৃত্যপদ দাস বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।